ঢাকা | বঙ্গাব্দ

নাতির কোলে চড়ে ছেলেকে ধানের শীষে ভোট দিলেন শতবর্ষী মা

  • নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
নাতির কোলে চড়ে ছেলেকে ধানের শীষে ভোট দিলেন শতবর্ষী মা ছবি : সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরের কালিয়াকৈরে নাতির কোলে চড়ে কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন ১১০ বছর বয়সী সূর্য বানু। তার উপস্থিতি ভোটকেন্দ্রে ভিন্নমাত্রার আবহ তৈরি করে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরুর পরপরই কালিয়াকৈর উপজেলার লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। এরই মধ্যে সবার নজর কাড়েন শতবর্ষী সূর্য বানু। বয়স ও শারীরিক দুর্বলতা উপেক্ষা করে তিনি সকাল ৮টার আগেই কেন্দ্রে হাজির হন।

নাতি সুলাইমানের কোলে ভর করে কেন্দ্রে প্রবেশ করেন সূর্য বানু। উপস্থিত ভোটার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে সহযোগিতা করেন। পরে নাতির কোল থেকে নেমে তিনি ভোটকক্ষে প্রবেশ করেন এবং ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিয়ে বেরিয়ে এসে ছেলের জন্য দোয়া করেন তিনি।

সূর্য বানুর ছেলে মো. মজিবুর রহমান গাজীপুর-1 (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট দেওয়ার পর বয়সের ভারে ন্যুব্জ কণ্ঠে সূর্য বানু সাংবাদিকদের বলেন, আল্লাহ যেন আমার ছেলেকে ভালো রাখে, দেশের মানুষের জন্য কাজ করতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তার উপস্থিতিতে কেন্দ্রে অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। অনেকেই এগিয়ে এসে তাকে সালাম দেন এবং খোঁজখবর নেন। তরুণ ভোটারদের মাঝেও উৎসাহ দেখা যায়।

কালিয়াকৈরের বাসিন্দা আকরাম হোসেন বলেন, এত বয়স্ক ভোটার খুব কমই দেখা যায়। সূর্য বানুর মতো একজন প্রবীণ নারী ভোট দিতে এসে সবার মাঝে অনুপ্রেরণা জুগিয়েছেন।

এদিকে গাজীপুরের পাঁচটি আসনে সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া তরুণ ভোটার সুখপ্রিতা হেরা বলেন, ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। নিজেকে দায়িত্ববান মনে হচ্ছে।

thebgbd.com/NA