ঢাকা | বঙ্গাব্দ

আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, ছিন্নবিচ্ছিন্ন শিশুর হাত

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে আলুক্ষেতে পরে থাকা ককটেল বিস্ফোরণে এক শিশুর হাতের আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আহত মোস্তাকিম (৭) সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি এলাকার আল আমিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
আলুক্ষেতে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, ছিন্নবিচ্ছিন্ন শিশুর হাত ফাইল ছবি

বৃহস্পতিবার (২৬ ফেব্রয়ারি) দুপুর আড়াইটার দিকে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সীকান্দি গ্রামের বিলের জমিতে এ ঘটনা ঘটে।

আহত শিশুটির বাবা আল আমিন বলেন, দুপুরে আমাদের অজ্ঞাতসারে খেলতে খেলতে মোস্তাকিম আলু ক্ষেতের দিকে যায়। এরপর হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় ছেলে পড়ে আছে। এ সময় পাশেই ককটেল বিস্ফোরণের আলামত দেখতে পাই। পরে দ্রুত কাপড় দিয়ে হাত-পা পেঁচিয়ে হাসপাতালে নিয়ে আসি।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস এম ফেরদৌস হাসান জানান, বিস্ফোরণে ওই শিশুর ডান হাতের সবকয়টি আঙুল ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। আঘাত লেগেছে ডান পায়েও। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।


thebgbd.com/BYB