যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানে হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার জন্য ইন্দোনেশিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাকার্তায় অবস্থিত ইরান দূতাবাস। জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শনিবার ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উভয় পক্ষ সম্মত হলে প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো মধ্যস্থতা করতে তেহরান সফরে যেতে প্রস্তুত। ইরান দূতাবাস এক বিবৃতিতে জানায়, এই সংঘাতে মধ্যস্থতার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের প্রস্তুত থাকার বিষয়টিকে তারা স্বাগত জানায়। দূতাবাস আরও বলেছে, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইহুদিবাদী শাসনের আগ্রাসন ও অপরাধের নিন্দায় ইন্দোনেশীয় কর্মকর্তাদের দৃঢ় অবস্থান নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে দফায় দফায় বিমান হামলা চালানোর পর খামেনি নিহত হওয়ার খবর আসে, যার জবাবে পাল্টা আঘাত হানে ইরান। রোববার ট্রাম্প বলেছেন, যদি ইরান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেয়, তবে ওয়াশিংটন ‘অতীতে দেখা যায়নি এমন শক্তি দিয়ে’ ইরানকে আঘাত করবে।
সূত্র: এএফপি
এসজেড