ঢাকা | বঙ্গাব্দ

হাইফা নৌঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

হিজবুল্লাহ বলেছে, তারা মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার ‘প্রতিশোধ’ নিতে চায়।
  • অনলাইন ডেস্ক | ০৪ মার্চ, ২০২৬
হাইফা নৌঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হিজবুল্লাহ্।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা গতকাল মঙ্গলবার উত্তর ইসরায়েলের হাইফা নৌ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইরান-সমর্থিত শক্ত ঘাঁটিগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর চলমান হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ এ হামলা চালায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।


হিজবুল্লাহ বলেছে, তাদের এই হামলা ইসরাইলের ‘অপরাধপ্রবণ আগ্রাসনের’ জবাব। ইসরায়েলের হামলার ফলে লেবাননের বহু শহর ও জনপদ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসিন্দাদের সরিয়ে নেওয়ার সতর্কবার্তা জারির পর টানা দ্বিতীয় দিনের মতো দেশটির দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া রাজধানীর আশপাশের কয়েকটি উপশহরেও হামলা চালানো হয়।


ইসরায়েলি বাহিনী আগেই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। হামলার লক্ষ্যবস্তু ছিল সন্দেহভাজন সামরিক স্থাপনা ও সশস্ত্র গোষ্ঠীর অবস্থান—এমনটাই জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ‘স্থানীয় সময় রাত ৮ টা নাগাদ তারা হাইফা নৌঘাঁটিকে লক্ষ্য করে ‘উচ্চমানের ক্ষেপণাস্ত্রের একটি বড় হামলা’ চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, নির্দিষ্ট সময় অনুযায়ী পরিকল্পিতভাবে এই হামলা পরিচালনা করা হয়।


ইসরায়েলি সেনাবাহিনী রাত ৮ টার কিছু পরেই জানিয়েছে, বেশ কয়েকটি আগত ক্ষেপণাস্ত্র সনাক্ত করা হয়েছে এবং বেশিরভাগই গুলি করে ভূপাতিত করা হয়েছে। গত সোমবার হিজবুল্লাহ ইসরাইয়েলের ওপর প্রথম আক্রমণের পর লেবানন আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ে। হিজবুল্লাহ বলেছে, তারা মার্কিন-ইসরাইলি হামলার সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার ‘প্রতিশোধ’ নিতে চায়।


সূত্র: এএফপি


এসজেড