প্রকাশ পেয়েছে ২০২৬ সালের হুরুন গ্লোবাল রিচ লিস্ট। আর এ তালিকায় এবারও নিজের অবস্থান ধরে রেখেছেন বলিউডের কিং খান খ্যাত মেগাস্টার অভিনেতা শাহরুখ খান। শীর্ষ ধনীর তালিকায় তৃতীয় নম্বরে অবস্থান করছেন অভিনেতা।
হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ প্রকাশিত হয়েছে গত ৫ মার্চ। এ তালিকায় বিশ্বের বিভিন্ন ব্যক্তিদের সম্পদের পরিমাণ প্রকাশ করা হয়। চলতি বছর বিশিষ্ট ব্যক্তিদের অর্থের হিসাব ধরা হয়েছে গত ১৫ জানুয়ারি পর্যন্ত।
এ তালিকা অনুযায়ী, চলতি বছর বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ৩০৮ জন। যার মধ্যে ভারতীয়দের একজন শাহরুখ। হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ তালিকায় ভারতীয় অভিনেতাদের মধ্যে শীর্ষে এবং বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করছেন এ অভিনেতা। শাহরুখের আগে তালিকায় দ্যুতি ছড়াচ্ছে চীন ও যুক্তরাষ্ট্র।
জানা যায়, বিশ্বের ধনী তারকাদের তালিকায় শাহরুখের পাশাপাশি আছে সংগীতজগতের কয়েকটি জনপ্রিয় নাম। যেমন—জে জেড, যার সম্পদ প্রায় ২ দশমিক ৮ বিলিয়ন ডলার। পপ তারকা টেইলর সুইফট, যার সম্পদ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার। আরেক সংগীত তারকা রিয়ানার সম্পদের পরিমাণ বর্তমানে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার।
এদিকে চলতি বছর শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি। যদিও গত বছর নায়কের সম্পদের পরিমাণ ছিল ১ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এ হিসেবে গত বছরের সম্পদের তুলনায় এবার শাহরুখের আয় অনেকটাই কমেছে।
বলিউডের রূপালি পর্দা থেকে ব্যবসায়িক দুনিয়া, সবখানেই নিজের রাজত্ব ধরে রেখেছেন শাহরুখ খান। হুরুনের তথ্যমতে, বর্তমানের অস্থিতিশীল বৈশ্বিক বাজারেও শাহরুখের সম্পদের পরিমাণ দেশি মুদ্রায় ১৬ হাজার কোটি টাকার নিচে নামেনি। যদিও গত বছরের ১.৪ বিলিয়ন ডলার থেকে অঙ্কটা সামান্য কমেছে, তবুও বিশ্বের বিলিয়নিয়ার তালিকার কেন্দ্রবিন্দুতে বাদশার অবস্থান অটুট।
প্রসঙ্গত, শাহরুখের আকাশচুম্বী সাফল্যের পেছনে রয়েছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও লাভজনক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজিগুলোর মতো শক্তিশালী বাণিজ্যিক ভিত্তি। যা রূপালি পর্দা ও অভিনয়ের বাইরে শাহরুখ খানকে পরিণত করেছে ব্যবসা ও ব্র্যান্ড সাম্রাজ্যের আন্তর্জাতিক আইকনে।
thebgbd.com/NIT