ঢাকা | বঙ্গাব্দ

খেলতে খেলতে পানিভর্তি গর্তে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক | ০১ এপ্রিল, ২০২৬
খেলতে খেলতে পানিভর্তি গর্তে ডুবে একসঙ্গে ৩ শিশুর মৃত্যু ছবি : সংগৃহীত।

কুলাউড়া উপজেলায় খেলতে গিয়ে পানিভর্তি গর্তে পড়ে একসঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- দিঘলকান্দি গ্রামের সিপার মিয়ার ছেলে জিসান (১৩), পার্শ্ববর্তী ফটিগুলি গ্রামের আশিক মিয়ার ছেলে ইমাদ (৮) এবং ওই গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব (৭)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকায় একটি জমি থেকে ওই জমির মালিক মাটি কেটে নেন। এতে সেখানে সাত থেকে আট ফুট গর্তের সৃষ্টি হয়। গত মঙ্গলবার সেখানে গভীর রাতে ভারী বৃষ্টি হয়। এতে উজানের পাহাড়ি ঢল নেমে গর্তটি পানিতে ভরে যায়। বেলা ২টার দিকে কয়েকজন শিশু গর্তের পাশে জমিতে একটি প্লাস্টিকের বোতল নিয়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে বোতলটি গর্তে পড়ে যায়। এটি তুলে আনতে একেক করে জিসান, ইমাদ ও লাবিব গর্তে নামে। বেশ কিছু সময় ধরে তারা না ওঠায় অন্য শিশুরা চিন্তিত হয়ে পড়ে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে যান। পরে গর্তে নেমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।

ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ জানান, বুধবার সকালে পার্শ্ববর্তী ক্ষেতের জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে সৃষ্ট গর্তে পানি জমলে তারা সেখানে খেলতে যায়। এক পর্যায়ে এই শিশু তিনটি গভীর পানিতে তলিয়ে মারা যায়।

কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, গর্তে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


thebgbd.com/NA