বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের সন্দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের নৌ যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় আজ সকাল থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকেই সন্দ্বীপসহ আশপাশের উপকূলীয় এলাকায় বিরামহীন ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। এর প্রভাব পড়েছে গুরুত্বপূর্ণ বাঁশবাড়িয়া–গুপ্তছড়া নৌরুটেও।
এদিন এই রুটে কোনো ফেরি বা যাত্রীবাহী জাহাজ চলাচল করেনি। ফলে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাটে শতাধিক যানবাহন ও অসংখ্য যাত্রী আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে নির্ধারিত ফ্লাইট থাকায় সন্দ্বীপ থেকে প্রবাসগামী যাত্রীরা বিপাকে পড়েছেন।
গুপ্তছড়া ফেরিঘাটে অপেক্ষমাণ সৌদিগামী যাত্রী মিনহাজ বলেন, ‘আজ সন্ধ্যা ৬টার মধ্যে চট্টগ্রামে পৌঁছাতে না পারলে আমার ফ্লাইট মিস হয়ে যাবে।’
এদিকে জরুরি এক প্রসূতি রোগী নিয়ে চট্টগ্রামে যাওয়ার জন্য অপেক্ষমান সাইফুল। কথা হলে তিনি জানান, ডেলিভারি রোগী নিয়ে জরুরিভাবে চট্টগ্রাম যেতে হবে, কিন্তু কোনো নৌযান ছাড়ছে না।
একই চিত্র দেখা গেছে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ও কুমিরা ফেরিঘাটেও। সেখানে বিদেশ থেকে ছুটিতে আসা প্রবাসীসহ কয়েক শ যাত্রী দীর্ঘক্ষণ অপেক্ষার পর কোনো নৌযান না পেয়ে চট্টগ্রাম শহরে ফিরে যেতে বাধ্য হয়েছেন।
বাঁশবাড়িয়া ফেরীঘাটে ফেরীতে ওঠার অপেক্ষায় পণ্যাবাহী বেশ কিছু ট্রাক-পিকআপ রয়েছে যা সন্দ্বীপে সময়মত পৌঁছাতে না পারলে ওইসব মালামাল নষ্ট হয়ে যাবার আশংকা রয়েছে তাতে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা।
কুমিরা ফেরিঘাটের ইজারাদার জগলুল হোসেন নয়ন বলেন, ‘সাগর উত্তাল থাকায় কর্তৃপক্ষের নির্দেশনায় সন্দ্বীপ–সীতাকুণ্ড নৌরুটে স্পিডবোট, জাহাজ, ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল পুনরায় শুরু হবে।’
thebgbd.com/NA