বাজারে কয়েকদিন যাবৎ সয়াবিন তেলের সংকট ছিল। এই সংকটের মধ্যেই এবার খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (২৯ এপ্রিল) তিনি জানিয়েছেন, সয়াবিন তেল উৎসে মূল্যবৃদ্ধির কারণে আমদানি মূল্যে প্রভাব পড়েছে। আমদানিকারকরা মূল্য বৃদ্ধির অনুরোধ করছিলেন। আমরা যাচাই করে দেখেছি এর যথার্থতা আছে।
সে হিসাবে বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৯৫ টাকা লিটার। এখন থেকে সেটি হবে ১৯৯ টাকা লিটার। অর্থাৎ প্রতি লিটারে বৃদ্ধি পেয়েছে ৪ টাকা। খোলা তেলেও চার টাকা বাড়বে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ভোক্তারা এই মূল্য মেনে নেবে। তবে সমন্বয়ের কারণে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সরকারের দাম বৃদ্ধির পরও ব্যবসায়ীরা বলছেন, দাম সমন্বয় পুরোপুরি হয় নাই। তবু মেনে নিচ্ছি। তবে ঈদের পর যেন আনার সমন্বয় করা হয়।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত এক মাসের ব্যবধানে বাজারে খোলা সয়াবিন ও পাম তেলের দাম লিটারে ৬ শতাংশ বেড়েছে। আর গত বছরের তুলনায় এখন খোলা সয়াবিনের দাম ১৮ শতাংশ এবং খোলা পাম তেলের দাম ১১ শতাংশ বেশি।
এর আগে সব ধরণের জ্বালানি তেল এবং গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির ঘোষণা দিযেছিল সরকার।
thebgbd.com/NIT