বৈশাখ উপলক্ষে আমেরিকার অঙ্গরাজ্য ওকলাহোমায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে বিশেষ কনসার্ট। যেখানে মঞ্চ মাতাতে দেখা যাবে ঢালিউড অভিনেতা জায়েদ খানকে। শনিবার (৯ মে) অনুষ্ঠিত হবে এই বিশেষ কনসার্ট।
দেশি ইয়ুথ অ্যাসোসিয়েশন ওকলাহোমার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জায়েদ খানের সঙ্গে আরও উপস্থিত থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী, পারভেজ সাজ্জাদ ও বিন্দু কণা।
এ প্রসঙ্গে জায়েদ খান বলেন, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা সব সময় আমাকে অনুপ্রাণিত করে। ওকলাহোমায় প্রথমবারের মতো বৈশাখী মেলায় অংশ নিতে যাচ্ছি। বিষয়টি আমার জন্য খুবই আনন্দের। আশা করছি সবার সঙ্গে দারুণ একটা সময় কাটবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিদেশের মাটিতে এভাবে উদযাপন করা সত্যিই গর্বের বিষয়। যারা আসবেন, তাদের জন্য স্মরণীয় একটি আয়োজন হবে বলে বিশ্বাস করি।
প্রবাসী বাংলাদেশিদের বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে এই আয়োজন নিয়ে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা জানান, গান, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা।
thebgbd.com/NA