ঢাকা | বঙ্গাব্দ

লন্ডনে ২ ইহুদিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

টাইমস অব ইসরায়েল জানায়, আহতদের মধ্যে একজনের বয়স ৭০-এর কোঠায় এবং অন্যজনের বয়স ৩০-এর ঘরে।
  • অনলাইন ডেস্ক | ২৯ এপ্রিল, ২০২৬
লন্ডনে ২ ইহুদিকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ফাইল ছবি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ইহুদি অধ্যুষিত এলাকা গোল্ডার্স গ্রিনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবারের (২৯ এপ্রিল) এই ঘটনায় দুই ইহুদি ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। সাম্প্রতিক সময়ে ব্রিটিশ ইহুদিদের লক্ষ্য করে ঘটে যাওয়া একাধিক ঘটনার ধারাবাহিকতায় এটিকেও একটি ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা হিসেবে দেখা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানায়, আহতদের মধ্যে একজনের বয়স ৭০-এর কোঠায় এবং অন্যজনের বয়স ৩০-এর ঘরে। ঘটনাস্থলেই তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং পরে হাসপাতালে নেয়া হয়। মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল। যদিও বিবিসি প্রথমে জানিয়েছিল, তারা গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানায়, হামলাকারী ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, যিনি হামলার সময় পুলিশ কর্মকর্তাদের ওপরও ছুরি নিয়ে আক্রমণের চেষ্টা করেন। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের দায়িত্ব নিয়েছে পুলিশের কাউন্টার টেররিজমের বিশেষজ্ঞ দল। সংস্থাটির প্রধান সহকারী কমিশনার লরেন্স টেলর আনুষ্ঠানিকভাবে ঘটনাটিকে একটি সন্ত্রাসী ঘটনা হিসেবে ঘোষণা করেছেন।


স্থানীয় ইহুদি জরুরি সাড়া প্রদানকারী সংগঠন শোমরিম প্রথমে ঘটনাটি প্রকাশ করে এবং জানায়, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে আটক করে। পরে পুলিশ এসে তাকে নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। ঘটনাটি ঘটে একটি সিনাগগের কাছাকাছি এলাকায়, যেখানে চলতি মাসের শুরুতে একটি অগ্নিসংযোগের ঘটনায় চারটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়া হয়েছিল।

ব্রিটেনে প্রায় ২ লাখ ৮০ হাজার ইহুদির নিরাপত্তা ও বিদ্বেষমূলক অপরাধ বিষয়ে কাজ করা সংস্থা কমিউনিটি সিকিউরিটি ট্রাস্ট দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য শোমরিম, হাতজোলা এবং মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানান, একজন ভুক্তভোগীকে একটি দোকানের সামনে আক্রমণ করা হয়, অন্যজনকে একটি সিনাগগের পাশের সড়কে ছুরিকাঘাত করা হয়।

ঘটনার পর ধারণ করা একটি ভিডিওতে লেখক জেমস জে. মারলো একজন প্রত্যক্ষদর্শীর বরাতে জানান, হামলাকারীর হাতে খুব বড় একটি ছুরি ছিল এবং সে সরাসরি এক বৃদ্ধ ইহুদি ব্যক্তির গলার দিকে আঘাত করে। এ ঘটনার পর বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাস্থলে।