ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, এরপর যৌতুকের দাবিতে নির্যাতন এমন অভিযোগ তুলে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন চাঁদনী নামের এক নারী। প্রতারণার শিকার ওই নারীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী ধনকুন্ডা এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে চাঁদপুর সদর উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা শিপন মোল্লার সঙ্গে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে পরিবারের অমতে ২০১৯ সালে উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কাজীর মাধ্যমে বিয়ে করেন। বিয়ের সময় ৫ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়। বিয়ের পর তারা স্ত্রীর বাসায় বসবাস শুরু করেন এবং তাদের সংসারে ৫ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, স্বামী দীর্ঘদিন কোনো কাজ না করে তার ওপর নির্ভরশীল ছিলেন। তিনি ঢাকায় একটি পার্লারে চাকরি করে সংসার চালাতেন। তবে গত কয়েক মাস ধরে স্বামী ও তার পরিবারের সদস্যরা মিলে তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়।
গত ১৬ এপ্রিল সন্ধ্যায় স্বামী ঘরে থাকা ৪২ হাজার টাকা নিয়ে নিখোঁজ হয়ে যান বলে অভিযোগ করেন তিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, স্বামী নিজ বাড়িতে অবস্থান করছেন। ২৮ এপ্রিল সেখানে গেলে স্বামী আবারও ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে অন্যত্র বিয়ে করার হুমকি দেন।
এ সময় তিনি যৌতুক দিতে অস্বীকৃতি জানালে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মারধর করে গুরুতর আহত করেন এবং বাড়ি থেকে বের করে দেন। এমনকি পুনরায় সেখানে গেলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
thebgbd.com/NIT