ঢাকা | বঙ্গাব্দ

ভারতে একসঙ্গে সবার ফোনে ‘দুর্যোগ সতর্কবার্তা’

  • অনলাইন ডেস্ক | ০২ মে, ২০২৬
ভারতে একসঙ্গে সবার ফোনে ‘দুর্যোগ সতর্কবার্তা’ ফাইল ছবি

ভারতে শনিবার (২ মে) সকালে হঠাৎ মোবাইল ফোনে জোরালো অ্যালার্ট সাউন্ডে চমকে উঠে বহু মানুষ। জরুরি দুর্যোগ সতর্কতা ব্যবস্থার পরীক্ষামূলক সম্প্রচার চালু করায় এই বিভ্রান্তির সৃষ্টি হয়। প্রতিবেদন হিন্দুস্তান টাইমসের। 



ফোনে দেখা যায় ‘এক্সট্রিমলি সিভিয়ার অ্যালার্ট’ শিরোনামে একটি বার্তা, যেখানে লেখা ছিল: ‘ভারত সরকার নাগরিকদের জন্য তাৎক্ষণিক দুর্যোগ সতর্কতা সেবা চালুর লক্ষ্যে নিজস্ব প্রযুক্তিতে সেল ব্রডকাস্ট চালু করেছে। সতর্ক নাগরিক, নিরাপদ দেশ। এই বার্তা পাওয়ার পর সাধারণ মানুষের কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন নেই। এটি একটি পরীক্ষামূলক বার্তা।’



‘ডিপার্টমেন্ট অব টেলিকমিউনিকেশনস’ নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানায়। সংস্থাটি জানায়, এটি জরুরি সতর্কতা ব্যবস্থার পরীক্ষা, যাতে দুর্যোগের সময় দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেয়া যায়।



সরকারের পক্ষ থেকে জানানো হয়, সারা দেশে ধাপে ধাপে সেল ব্রডকাস্ট (সিবি) সুবিধা চালুর আগে এর কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা যাচাই করতে এই পরীক্ষা চালানো হচ্ছে। পরীক্ষার সময় ইংরেজি, হিন্দি এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় একাধিকবার এমন বার্তা মোবাইলে আসতে পারে বলেও জানানো হয়।



প্রতিবেদনে বলা হয়, এই সতর্কতা ব্যবস্থা জাতিসংঘের সংস্থা ‘ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন’-এর সুপারিশ অনুযায়ী ‘কমন অ্যালার্টিং প্রটোকল (সিএপি)-এর ভিত্তিতে তৈরি।



এই প্রকল্প বাস্তবায়নে ভারতের টেলিকমিউনিকেশন বিভাগ ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে। এর আগে গত ফেব্রুয়ারিতেও একই ধরনের একটি পরীক্ষামূলক অ্যালার্ট সারা দেশে পাঠানো হয়েছিল। তখন আইফোন ও অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘টেস্ট অ্যালার্ট’ শিরোনামে বার্তা ও জোরালো অ্যালার্ট সাউন্ড পেয়েছিলেন।



সরকার নাগরিকদের এসব পরীক্ষামূলক বার্তা পেলে আতঙ্কিত না হয়ে তা উপেক্ষা করার আহ্বান জানিয়েছে।


thebgbd.com/NIT