ঢাকা | বঙ্গাব্দ

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ

  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৬
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ ফাইল ছবি

কুমিল্লার চান্দিনায় এক নারীকে (২১) তুলে নিয়ে রাতভর দলবদ্ধ ধর্ষণের পৈশাচিক ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) রাতে স্বামীকে আটকে রেখে এই বর্বরতা চালায় একদল বখাটে। এই ঘটনায় জড়িত অভিযোগে সোমবার (৪ মে) ভোরে তিন যুবককে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত ১১টার দিকে ওই দম্পতি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্জন স্থানে আগে থেকে ওত পেতে থাকা একদল বখাটে তাদের পথরোধ করে। তারা স্বামীকে মারধর করে একটি জায়গায় আটকে রাখে এবং স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। সারা রাত ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করার পর ভোরে অভিযুক্তরা উল্টো এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে নিরুপায় হয়ে স্বামী জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা চান।


খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে কামরাখোলা এলাকার মো. তারেক, আরিফ ও ইসমাইল নামের তিন অভিযুক্তকে আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যায়।


চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি পলাতক বাকি অভিযুক্তদের ধরতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


thebgbd.com/NIT