ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
সোমবার সংরক্ষিত নারী আসনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুসরাত তাবাসসুমকে ইতোমধ্যে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।
নুসরাতের মনোনয়নপত্র নিয়ে শুরুতে জটিলতা দেখা দেয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ এপ্রিল নির্ধারিত সময় পার হওয়ার পর তার মনোনয়নপত্র দাখিল করা হলে রিটার্নিং অফিসার তা গ্রহণে বিরত থাকেন। একই সময়ে জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন নিয়েও বিতর্ক ওঠে, কারণ সরকারি ব্যাংক থেকে অবসরের তিন বছর পূর্ণ না হওয়ায় তার প্রার্থিতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। পরবর্তীতে ২৩ এপ্রিল বাছাইয়ে মনিরার মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ অবস্থায় নুসরাত তাবাসসুম হাইকোর্টে রিট দায়ের করলে আদালত তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী ২ মে পুনরায় বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। পরে তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়।
অন্যদিকে, মনিরা শারমিনও তার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেছেন।
নির্বাচন কমিশন আসন সংখ্যার অনুপাতে বিএনপি জোটকে ৩৬টি, জামায়াত জোটকে ১৩টি এবং স্বতন্ত্র জোটকে ১টি সংরক্ষিত নারী আসন বরাদ্দ দেয়। নুসরাত ও মনিরার আসনটি ছাড়া বাকি ৪৯টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন।
thebgbd.com/NA