ঢাকা | বঙ্গাব্দ

মোহাম্মদপুরে হামলার মুখে পুলিশ সদস্য, পাল্টা গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ

  • নিজস্ব প্রতিবেদক | ১১ মে, ২০২৬
মোহাম্মদপুরে হামলার মুখে পুলিশ সদস্য, পাল্টা গুলিতে ছিনতাইকারী গুলিবিদ্ধ ছবি : সংগৃহীত।

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ধরতে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। আত্মরক্ষার্থে পুলিশের ছোড়া গুলিতে পলাশ নামে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের দুই ভাই ও তাদের বোন জামাইসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুর টাউন হল এলাকায় এ অভিযান চালায় পুলিশ। পরে দুপুরে ধানমন্ডি থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার।


পুলিশ জানায়, সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এক পুলিশ সদস্য আহত হন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে পলাশের পায়ে গুলি লাগে। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। পরে তার ভাই সাকিব এবং তাদের বোন জামাই বিপ্লব হোসেনকেও গ্রেপ্তার করা হয়। তারা সবাই গাজীপুরের টঙ্গী এলাকার বাসিন্দা।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু, একটি খেলনা রিভলভার এবং ছিনতাই হওয়া কয়েকটি মোবাইল ফোন।


thebgbd.com/NA