ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের তেজাস হাসপাতালের অপারেশন থিয়েটারের ভেতরে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এতে অভিযুক্ত হাসপাতালের ডাক্তার বিজয় কুমার গিরিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
হেফাজতে নেওয়া হয়েছে হাসপাতালের পরিচালককেও।
শনিবার (২৩ মে) এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২১ মে বকশি কা তালাব থানায় যৌন নিপীড়ন সংক্রান্ত ঘটনার অভিযোগ পাওয়া যায়। অভিযোগে বলা হয়, লখনৌয়ের ইন্দৌরাবাগ এলাকায় অবস্থিত তেজস হাসপাতালে চিকিৎসাধীন এক নারী হাসপাতালের ডাক্তারের দ্বারা ধর্ষণের শিকার হয়েছে।
অভিযোগ পাওয়ার পর দ্রুত পদক্ষেপ নিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
ভুক্তভোগী পক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(২)(ই) ধারাসহ তপশিলি জাতি ও উপজাতি আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়।
গ্রেপ্তার হওয়া অভিযুক্তের নাম বিজয় কুমার গিরি। তিনি সীতাপুর জেলার তাম্বাউর থানার রাজনাপুর গ্রামের বাসিন্দা।
প্রাথমিক তদন্ত ও আলামত সংগ্রহের পর অভিযুক্তকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ওই নারী ১৯ মে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন এবং ২১ মে চিকিৎসা চলাকালে অপারেশন থিয়েটারের ভেতরে তাকে ধর্ষণ করা হয়।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত তথ্য-প্রমাণ সংগ্রহ ও অভিযুক্তের বক্তব্য রেকর্ড করার পর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার সময় অভিযুক্ত যে পোশাক পরেছিলেন বলে অভিযোগ রয়েছে, সেগুলোও জব্দ করা হয়েছে। পরে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
পুলিশ আরো জানিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
স্বাস্থ্য বিভাগ কর্তৃক বেসরকারি তেজাস হাসপাতালটি সিলগালা করা হয়েছে। অভিযুক্তের মেডিকেল লাইসেন্স বাতিল করা হয়েছে। আয়ুর্বেদ বিভাগকে তার ডিগ্রি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তিনি ভবিষ্যতে আর কোনো চিকিৎসা পেশায় যুক্ত হতে না পারেন।
thebgbd.com/NIT