তিনি বলেছেন, ‘শিলিগুড়ি করিডরের নিরাপত্তা আরও জোরদারের লক্ষ্যে এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুরক্ষা বাহিনীর আরও জওয়ান মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ি করিডরের সুরক্ষা আরও মজবুত করা হয়েছে।’
শুক্রবার (২১ আগস্ট) পশ্চিমবঙ্গে এসএসবির (সশস্ত্র সীমা বল) শিলিগুড়ি ফ্রন্টিয়ার সদর দপ্তরে এক অনুষ্ঠানে অমিত শাহ এ কথা বলেন। এসএসবি সীমান্ত নিরাপত্তায় নিয়োজিত আধা সামরিক বাহিনী।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর (মমতা বন্দ্যোপাধ্যায়) কাছে ১ হাজার ১২৯ একর জমি বিএসএফকে (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) দেওয়ার জন্য অনুরোধ করলেও সেই জমি সাবেক তৃণমূল সরকার বিএসএফকে দেয়নি। এবার বিজেপি ক্ষমতায় আসার পর আমরা সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার উদ্যোগ নিয়েছি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শিলিগুড়ি করিডরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিএসএফকে জমি দিয়েছেন। সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্তকে আরও সুরক্ষিত করা হবে।’
অমিত শাহ জানান, শিলিগুড়িতে ৮০ একর জমির ওপর উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি অরক্ষিত সীমান্তগুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিজেপি সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘স্বাধীনতার পর বন্দে মাতরম পূর্ণাঙ্গ স্তোত্রটি গাওয়া হতো না। এবারই প্রথম রাজধানী দিল্লির লালকেল্লায় ৮০তম স্বাধীনতা দিবসে প্রথম গাওয়া হলো বন্দে মাতরম।’
তিন দিনের সফরে গতকাল বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গে পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলিগুড়ির এসএসবি ফ্রন্টিয়ারে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।
thebgbd.com/BYB