নিহতদের মধ্যে দুই জনের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
সোমবার দুপুর ২টার দিকে তায়েফের আল-খুরমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কানাইঘাটের দুই প্রবাসী হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। তারা উপজেলার গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা।তবে অন্য দুই জনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। দেশে ফেরার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তারা।
দুই প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতদের পরিবারের সদস্যদের বাড়িতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা।
দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পর তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের সান্ত্বনা দেন। এ ঘটনাকে পরিবার দুটির জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী নিহত হন। এরপর জুলাই মাসে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়। এরই মধ্যে তায়েফে নতুন করে দুই কানাইঘাট প্রবাসীর প্রাণহানির ঘটনায় উপজেলাজুড়ে প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।