কুষ্টিয়ার দৌলতপুরে সীমান্ত এলাকায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাহাজুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্কতামূলক তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানায়।
শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্ত-সংলগ্ন মাথাভাঙ্গা নদীতে এ ঘটনা ঘটে।
আহত সাহাজুল ইসলাম উপজেলার জামালপুর গ্রামের সাহাবাজ ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে ও বিজিবির বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শনিবার সকালে সাহাজুল ইসলাম মাথাভাঙ্গা নদীতে মাছ ধরতে যান। এ সময় সীমান্ত এলাকায় এক ভারতীয় নাগরিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিএসএফ সদস্যরা সাহাজুলকে লক্ষ্য করে এক রাউন্ড ছররা গুলি ছোড়ে। এতে তার পা এবং শরীরের বিভিন্ন অংশে ছররার স্প্লিন্টার বিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন। ঘটনার প্রতিবাদে ও ক্ষোভে সীমান্তবর্তী মাঠে কর্মরত বাংলাদেশি কৃষকরা এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবির হেফাজতে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় সীমান্তে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যরা সতর্কতামূলক ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে কঠোর প্রতিবাদ জানান। বর্তমানে সীমান্তবর্তী এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, নদীতে তুচ্ছ বিষয় নিয়ে ভারতীয় নাগরিকের সঙ্গে কথা কাটাকাটির জেরে বিএসএফ সদস্যরা হঠাৎ গুলি চালান। এতে সাহাজুল আহত হলে সীমান্তজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিএসএফের গুলিবর্ষণের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি জোরালো পদক্ষেপ নিয়েছে। বিএসএফের গুলি ও আটক ভারতীয় নাগরিকের বিষয়ে সীমান্ত প্রোটোকল ও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ ছাড়া এ বিষয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি বিজিবির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
thebgbd.com/BYB