ঢাকা | বঙ্গাব্দ

২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল

এমটিবির কাছে অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের পরিমাণ ২৬৭ কোটি টাকা। এর মধ্যে ২২৬ কোটি টাকা আদায়ে সম্প্রতি অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ নভেম্বর, ২০২৬
২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে আইনি নোটিশ, এক্সিট পলিসিতে ব্যবসা গোটাতে চান অনন্ত জলিল ফাইল ছবি


ব্যবসায়িক সংকটে পড়েছেন চিত্রনায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। শত শত কোটি টাকার ব্যাংকঋণ খেলাপি হওয়া এবং একের পর এক কারখানা বন্ধের মুখে এবার ব্যবসা গুটিয়ে নিতে চাইছেন তিনি।


মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) কাছে খেলাপি হওয়া ঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসির আওতায় ব্যবসা বিক্রি করে ঋণ সমন্বয়ের চেষ্টা করছেন এই ব্যবসায়ী।


এমটিবির কাছে অনন্ত জলিলের মালিকানাধীন এবি অ্যাপারেলস লিমিটেডের ঋণের পরিমাণ ২৬৭ কোটি টাকা। এর মধ্যে ২২৬ কোটি টাকা আদায়ে সম্প্রতি অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি।



এমটিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা টিবিএসকে বলেন, এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার ঋণ খেলাপি হওয়ার পর গ্রাহক পুনঃতফসিলের আবেদন করেন। তবে এ সুবিধা পেতে নির্ধারিত ডাউন পেমেন্ট দিতে ব্যর্থ হন তিনি। পরবর্তী সময়ে ডাউন পেমেন্টের জন্য দেওয়া চেক ডিজঅনার হওয়ায় আইনি নোটিশ পাঠানো হয়েছে।


তিনি বলেন, 'এই খেলাপি ঋণের বিষয়ে আমরা এখনো অর্থঋণ আদালতে মামলা করিনি। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসির আওতায় ঋণটি পুরোপুরি সমন্বয়ের চেষ্টা চলছে। গ্রাহকও দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছেন। তার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। আশা করছি, দ্রুত ঋণটি সমন্বয় হয়ে যাবে।'


এর আগে, প্রথমবারের মতো ২২৬ কোটি টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় এমটিবি।


ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়। পরবর্তী সময়ে ঋণের আংশিক অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে ২০২৬ সালের ১৮ অক্টোবর ব্যাংককে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল। তবে গত ২ নভেম্বর হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।


নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। ওই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে।


অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।


তৈরি পোশাকশিল্পের ব্যবসার মধ্য দিয়ে এজেআই গ্রুপ প্রতিষ্ঠা করেন অনন্ত জলিল। এরপর ধীরে ধীরে গড়ে তোলেন একাধিক শিল্পপ্রতিষ্ঠান। ২০১০ সালে চলচ্চিত্রে নাম লেখানোর পর স্ত্রী অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে নিয়ে 'খোঁজ-দ্য সার্চ' সিনেমায় অভিনয় করেন। পরবর্তী সময়ে বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক করে প্রতিষ্ঠা করেন এবি অ্যাপারেলস লিমিটেড।


অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ নিয়ে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেছিলেন। তবে কোনো পক্ষ থেকেই আশানুরূপ সাড়া মেলেনি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি তিনি।


এ বিষয়ে জানতে অনন্ত জলিলের নম্বরে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি। 



thebgbd.com/BYB