আগস্ট মাসের প্রথম ১৭ দিনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৪২৪ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫.৬ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১১৩৪ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত প্রবাসীরা ৩ হাজার ৯০২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩ হাজার ৪৭ মিলিয়ন ডলার।
এদিকে গত অর্থবছরে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এর মধ্যে কেবল আমেরিকা থেকেই এসেছে ৪৭৩ কোটি ডলার, যা একক দেশ থেকে পাঠানো সর্বোচ্চ রেমিট্যান্স।
আমেরিকার পর সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে, যার পরিমাণ ৪২৬ কোটি ডলার। আর তৃতীয় দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিট্যান্স এসেছে ৪১৬ কোটি ডলার।
এই তিন দেশ ছাড়াও রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাজ্য, মালয়েশিয়া, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
thebgbd.com/NA