ঢাকা | বঙ্গাব্দ

যুদ্ধবিরতি ও জিম্মি নিয়ে ইসরায়েলে বৈঠক

মঙ্গলবারের বৈঠকে যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু এবং আটক জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা হবে বলে ধারনা করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ২৬ আগস্ট, ২০২৫
যুদ্ধবিরতি ও জিম্মি নিয়ে ইসরায়েলে বৈঠক জিম্মি মুক্তির দাবিতে মিছিল।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মুখপাত্র জানিয়েছেন, জেরুজালেমে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার এক বৈঠক মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৈঠকে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি নিয়ে পুনরায় আলোচনা শুরু করা হবে। তবে এএফপির অনুরোধের জবাবে, মুখপাত্র ওমর মানতজুর সোমবার বৈঠকের এজেন্ডা সম্পর্কে কোনও বিস্তারিত তথ্য দেননি। জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়। 


নিরাপত্তা মন্ত্রিসভা আগস্টের শুরুতে গাজা সিটি দখলের জন্য সেনাবাহিনীর একটি পরিকল্পনা অনুমোদন করে। তবে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারের বৈঠকে যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করা এবং ফিলিস্তিনি ভূখণ্ডে এখনও আটক থাকা জিম্মিদের মুক্তির ওপর আলোকপাত করা হবে বলে ধারনা করা হচ্ছে।


বৃহস্পতিবার নেতানিয়াহু গাজার বাকি সকল জিম্মির মুক্তির বিষয়ে তাৎক্ষণিক আলোচনার নির্দেশ দেন। হামাস মধ্যস্থতাকারীদের দ্বারা উত্থাপিত একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করার ক’দিন পর এই নির্দেশ এল। যেখানে ইসরায়েল কর্তৃক আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে প্রাথমিক ৬০ দিনের মধ্যে জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার কথা রয়েছে।


গাজার জিম্মিদের পক্ষে প্রচারণাকারী প্রধান প্রচারণা গোষ্ঠী, হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম, মঙ্গলবার জাতীয় কর্মসূচি দিবসের ডাক দিয়েছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি জনগণের একটি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অংশ আমাদের প্রিয়জনদের বাড়িতে ফিরিয়ে আনতে চায়। তাদের প্রত্যাবর্তনের জন্য একটি চুক্তি স্বাক্ষরে ইচ্ছাকৃত বিলম্ব জনগণের ইচ্ছা এবং আমাদের মৌলিক মূল্যবোধ, পারস্পরিক দায়িত্ব ও বন্ধুত্বের বিরুদ্ধে।’


সূত্র: এএফপি


এসজেড