ঢাকা | বঙ্গাব্দ

উত্তরায় সীমানা নির্ধারণ করে চলে চাঁদাবাজি!

গার্মেন্টস মালিকের দাবি, কারখানাসহ জায়গাটি দখলের দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড পার্যায়ের বিএনপি নেতা জাহাঙ্গীর।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ সেপ্টেম্বর, ২০২৫
উত্তরায় সীমানা নির্ধারণ করে চলে চাঁদাবাজি! জাহাঙ্গীরের বাবা হাসান হামলা করেন কাপড়ের কারখানাটিতে যা পাশে ভবনের সিসি ক্যামেরায় ধরা পড়ে।

রাজধানীর উত্তরা যেন চাঁদাবাজদের অভয়ারণ্য হয়ে উঠেছে। চাঁদাবাজরা সীমানা নির্ধারণ করে যে যার মতো জোর করে টাকা তোলা, দখল নেয়া বা উচ্ছেদ করছেন ইচ্ছে মতো। অপরাধের প্রমাণ পেলে রাজনৈতিক দলগুলো সাংগঠনিক পদক্ষেপও নিচ্ছে আবার জিরো টলারেন্সের কথাও জানিয়েছে পুলিশ। কিন্তু কোনো কিছুতেই কমছে না চাঁদাবাজি।


২৫ আগস্ট সময় সংবাদ সরেজমিনে গিয়ে দেখতে পায় ওইদিন রাত পৌনে ১১টার দিকে উত্তরার কামারপাড়ার একটি কাপড়ের কারখানাতে হামলা চালান হাসান নামের এক ব‍্যক্তি। তিনি স্থানীয় এক বিএনপি নেতার বাবা বলে জানা গেছে।

 

গার্মেন্টস মালিকের দাবি, কারখানাসহ জায়গাটি দখলের দায়িত্ব নিয়েছেন ওয়ার্ড পার্যায়ের বিএনপি নেতা জাহাঙ্গীর। মালিকের দাবি এই ষড়যন্ত্রের পেছনে কলকাঠি নাড়ছেন আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ নেতা দেলোয়ার। আর এই কাজ সম্পন্ন করতে জাহাঙ্গীরের বাবা হাসান হামলা করেন কাপড়ের কারখানাটিতে।

 

গার্মেন্টস মালিক আরও বলেন,এখানে ফ্যাক্টরিটা মাত্র আড়াই বছর হলো আমি নিয়েছি। এখানে আগে আওয়ামী লীগ করত তার নাম দেলোয়ার। তার নামে ছাত্র হত্যার মামলাও রয়েছে, তিনি আমাকে হুমকি দিচ্ছেন এই জমি ছেড়ে দেয়ার জন্য। আমি ঢাকার বাইরে ছিলাম, তখন তিনি আমাকে ফোন দিয়ে বলেন তুই কী এগুলো ঠিক রাখতে পারবি? এরপর বিএনপির লোকজন পাঠিয়ে ভাঙচুর করেছে কারখানা।


তবে সব অভিযোগ অস্বীকার করেন দেলোয়ার ও জাহাঙ্গীর। জাহাঙ্গীর ও তার বাবা ঘটনাটি অস্বীকার করেন।

 

ফোনে সময় সংবাদকে দেলোয়ার বলেন, হামলা চালানোর কথাটি সম্পূর্ণ মিথ্যা। আমি কেন বিএনপির লোকদের লেলিয়ে দিবো। আমি কেন হামলা করব। আমার দরকারটা কী?

 

এদিকে সুইসগেটে থাকা ফলের আড়ৎ মালিকের অভিযোগ, প্রথমে চাঁদা আদায়, পরে পুরো আড়ৎটিই দখলে নেয়ার পাঁয়তারা করেন বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখার উত্তরা পশ্চিম থানার সাবেক আহ্বায়ক মিলন মিয়া। এ ঘটনায় মিলনকে দল থেকে বহিষ্কারও করে বিএনপি। আড়ৎ মালিকের দায়ের করা মামলায় গ্রেফতারও হন মিলন। তবে জেল থেকে মুক্ত হয়ে মিলন আবারও আড়ৎটি দখলের পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে।

 

সব অভিযোগ অস্বীকার করে মিলনের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার তিনি।

 

উত্তরার উত্তরখান এলাকার বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা জাহাঙ্গীর বেপারী ২০ লাখ টাকা চাঁদা দাবি করে তাদের কাছ থেকে। পরে চাঁদা না পেয়ে বাসায় যাতায়াতের সব পথ রীতিমতো বন্ধ করে দিয়ে ভোগান্তিতে ফেলেছে তাদের। এখনও চলছে সেই দশা।

 

এসব বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও সাড়া মিলেনি উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মো. জাহাঙ্গীর আলম বেপারীর।

 

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ বলছে, অপরাধের সত‍্যতা পেলে ব‍্যবস্থা নেবেন তারা।

 

ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে যদি আমরা সুস্পষ্ট অভিযোগ পাই, তাহলে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের কাছে অপরাধীদের রাজনৈতিক পরিচয় মুখ্য বিষয় নয়।  

 


এই দশা কেবল উত্তরায় নয়, রাজধানীর বেশিরভাগ এলাকায় দখল এবং চাঁদাবাজি চলছে দেদারসে।

 

উত্তরখান-দক্ষিণখান-তুরাগসহ আশপাশে বেশ কিছু এলাকা নিয়েই বৃহত্তর উত্তরা। আর এই উত্তরাকে দখলদার আর চাঁদাবাজরা নিজেদের মতো করে সীমানা নির্ধারণের মাধ‍্যমে চালাচ্ছেন দখলদারিত্ব, চাঁদাবাজি এমনকি মাদকব‍্যবসাও। যারা দলীয় পরিচয় এসব অপকর্ম করছেন তাদের বহিষ্কারও করছে সেসব দল। এমনকি গ্রেফতারও করছে আইনশৃঙ্খলা বাহিনী। তবুও কোনো এক অদৃশ্য কারণে তাদের লাগাম টানা সম্ভব হচ্ছে না।


thebgbd.com/NIT