ঢাকা | বঙ্গাব্দ

৮ গোলের রুদ্ধশ্বাস লড়াই, শেষ মুহূর্তে ডর্টমুন্ডকে জয় রুখে দিলো জুভেন্টাস

চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচের প্রথমার্ধ ছিল একেবারেই নিষ্প্রাণ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই শুরু হয় গোলবৃষ্টি।
  • নিজস্ব প্রতিবেদক | ১৭ সেপ্টেম্বর, ২০২৫
৮ গোলের রুদ্ধশ্বাস লড়াই, শেষ মুহূর্তে ডর্টমুন্ডকে জয় রুখে দিলো জুভেন্টাস শেষ মুহূর্তে ভ্লাহোভিচের এক গোল ও এক অ্যাসিস্টে অবিশ্বাস্যভাবে ৪-৪ গোলে ড্র।

জয় প্রায় নিশ্চিত করে ফেলেছিল বরুসিয়া ডর্টমুন্ড। নির্ধারিত সময় শেষে যোগ করা তৃতীয় মিনিটেও দুই গোলের ব্যবধানে এগিয়ে ছিল জার্মান ক্লাবটি। কিন্তু অতিরিক্ত সময়েই নাটকীয়ভাবে সব ওলটপালট করে দিলো জুভেন্টাস। সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচের এক গোল ও এক অ্যাসিস্টে অবিশ্বাস্যভাবে ৪-৪ গোলে ড্র করে মাঠ ছাড়ে ইতালিয়ান জায়ান্টরা।


মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগের এই ম্যাচের প্রথমার্ধ ছিল একেবারেই নিষ্প্রাণ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই শুরু হয় গোলবৃষ্টি।


ম্যাচের ৫২তম মিনিটে বরুসিয়ার হয়ে প্রথম গোলটি করেন করিম আদেয়েমী। ১০ মিনিট পর জুভেন্টাসকে সমতায় ফেরান ২০ বছর বয়সী তুর্কি ফরোয়ার্ড কেনান ইলদিজ। এরপর ৬৫তম মিনিটে ফের এগিয়ে যায় ডর্টমুন্ড। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন ফেলিক্স মেচা। তবে এর এক মিনিট পরই ভ্লাহোভিচের গোলে আবার সমতায় ফেরে জুভেন্টাস।


৭৪তম মিনিটে ইয়ান কৌতো প্রতিপক্ষের পা থেকে বল ছিনিয়ে কাছের পোস্টে গোল করে ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৮৬তম মিনিটে সফল পেনাল্টি কিকে ব্যবধান ৪-২ করেন রামি বেনসেবেইনি। তখন মনে হচ্ছিল, তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে ডর্টমুন্ড।


কিন্তু ম্যাচের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল করে ব্যবধান কমান ভ্লাহোভিচ। দুই মিনিট পর (৯০+৬ মিনিটে) তারই ক্রসে হেড করে গোল করেন কেলি। ফলে রুদ্ধশ্বাস এই ম্যাচের সমাপ্তি ঘটে ৪-৪ গোলে ড্রয়ের মাধ্যমে।


এদিকে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের নতুন মৌসুম শুরু হলো জয় দিয়ে, আর সেই জয়ের মূল কারিগর দুই বদলি খেলোয়াড়—গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও লিয়ান্দ্রো ট্রোসার্ড। মাঠে নেমেই এক গোল আর এক অ্যাসিস্ট করে আর্সেনালের ২-০ গোলের জয়ে বড় ভূমিকা রাখেন তারা।


thebgbd.com/NIT