ঢাকার ধামরাইয়ে এক নারী শ্রমিককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাহিনুর ইসলাম (২৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার বালিথা এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার।
নিহত শাহিনুর ইসলাম বালিথা এলাকার প্রবাসী আলাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী মোটরসাইকেল এক নারী শ্রমিককে ধাক্কা দিতে যাচ্ছিল। সেই সময় পুলিশ সদস্য শাহিনুর ওই নারীকে সরিয়ে নিতে গিয়ে নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শাহিনুর একজন দায়িত্বশীল ও সাহসী পুলিশ সদস্য ছিলেন। তার মৃত্যুতে সবাই শোকাহত।
প্রত্যক্ষদর্শীরা জানান, পোশাক কারখানার এক নারী শ্রমিক রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মানিকগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেল ওই নারীকে প্রায় চাপা দিতে যাচ্ছিল; এমন অবস্থায় তাকে বাঁচাতে হঠাৎ ব্রেক চাপলে মোটরসাইকেলে থাকা পুলিশ সদস্য শাহিনুর মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ওসি সোহেল সারোয়ার বলেন, মানিকগঞ্জ জেলা পুলিশের কনস্টেবল জরুরি ডিউটিতে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
thebgbd.com/NA