ঢাকা | বঙ্গাব্দ

এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি

লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিরল আকৃতির ইলিশ। পরে মাছটি নিলামে বিক্রি হয় ১০ হাজার টাকায়।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ অক্টোবর, ২০২৫
এক ইলিশ ১০ হাজার টাকায় বিক্রি ছবি : সংগৃহীত।

লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিরল আকৃতির ইলিশ। পরে মাছটি নিলামে বিক্রি হয় ১০ হাজার টাকায়। শুক্রবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল বেপারীর আড়তে নিলাম অনুষ্ঠিত হয়। এ সময় সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন অজি উল্যাহ বেপারী।


এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।


মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০ জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। গত বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়।


স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। মফিজ মাঝি আমাদের মাছঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।


আড়তদার হেলাল বেপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসেন। এরমধ্যে একটি বড় ইলিশের দাম ১০ হাজার টাকা ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ বেপারী। ইলিশের এমন দাম আমরা দেখিনি এর আগে। এ প্রথম দেখলাম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে।


অজি উল্যাহ বেপারী জানান, তিনি ওই ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি ঢাকার মোকামে পাঠাবেন তিনি।


তিনি আরও বলেন, আশা করছি মাছটি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে।


thebgbd.com/NA