ঢাকা | বঙ্গাব্দ

দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের বিএনপিতে স্থান নেই: রুহুল কবির রিজভী

কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ বা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
  • নিজস্ব প্রতিবেদক | ১১ অক্টোবর, ২০২৫
দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের বিএনপিতে স্থান নেই: রুহুল কবির রিজভী ছবি : সংগৃহীত।

কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, টেন্ডারবাজ বা চাঁদাবাজ বিএনপির সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।


শনিবার (১১ অক্টোবর) দুপুরে গাজীপুরের রাজবাড়ি মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


রিজভী আহমেদ বলেন, “নম্র-ভদ্র ব্যক্তিত্ব, শিক্ষক, কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া সাধারণ মানুষকেই সদস্য করার নির্দেশনা রয়েছে। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, তাই অনেকেই এই দলে আসার চেষ্টা করবে।”


তিনি বলেন, “১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্র ধ্বংস করা হয়েছিল। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ সংগ্রামের মাধ্যমে দেশ যখন এগিয়ে যাচ্ছিল, তখন ২০০৯ সালে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মঈনউদ্দিন-ফখরুদ্দীন সরকার সেই অগ্রযাত্রাকে থামিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদের হাতে তুলে দিয়েছিল।”


সরকার ও গণমাধ্যমের সম্পর্ক প্রসঙ্গে রিজভী বলেন, “গত ১৬ বছর শেখ হাসিনা গণমাধ্যমের টুঁটি চেপে ধরেছিলেন। সাংবাদিকরা সত্য প্রকাশ করতে পারেননি। এমনকি অনেক সাংবাদিক বাধ্য হয়ে পেশা ছেড়ে দিয়েছেন।”


অনুষ্ঠানে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবু এবং বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা।


thebgbd.com/NA