শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।
এর ফলে দেশের স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান, পরীক্ষা ও প্রশাসনিক কাজসহ সব ধরনের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়েছে।
বেতন-ভাতার ন্যায্য হিস্যাসহ ২০ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আন্দোলনরত শিক্ষকদের ওপর রোববার (১২ অক্টোবর) চড়াও হয় পুলিশ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপসহ লাঠিচার্জ করা হয়েছে। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। ওই সময় পাঁচজনকে আটক করা হয়। এর প্রতিবাদে সোমবার থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দেন শিক্ষকরা।
কুষ্টিয়া, রাজবাড়ী, রংপুর, লালমনিরহাট, রাজশাহী, চাঁদপুর, ঢাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে খোঁজ নিয়ে শিক্ষকদের এ কর্মবিরতির খবর নিশ্চিত হওয়া গেছে।
thebgbd.com/NIT