ঢাকা | বঙ্গাব্দ

ভূমিকম্পে নিহত বেড়ে ৬

  • নিজস্ব প্রতিবেদক | ২১ নভেম্বর, ২০২৫
ভূমিকম্পে নিহত বেড়ে ৬ ফাইল ছবি

রাজধানী ঢাকাসহ সারাদেশে শুক্রবার (২১ নভেম্বর) সকালে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতদের মধ্যে ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে ১ জন রয়েছেন। এছাড়াও বহু মানুষ আহত হয়েছেন এবং বিভিন্ন ভবন ও স্থাপনায় ফাটল দেখা দিয়েছে।


আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও এর তীব্রতা জনমনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা যেমন গোপালগঞ্জ, নড়াইল, রংপুর, সিলেট, কুমিল্লাসহ বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। প্রতিবেশী দেশ ভারতেও এর প্রভাব ছিল বলে জানা গেছে।


রাজধানীতে নিহত ৩


রাজধানীর বংশালের কসাইটুলী এলাকায় একটি পাঁচ তলা ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিন পথচারী নিহত হন। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাটি নিশ্চিত করে জানান, সকাল সোয়া ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, রেলিং ভেঙে পড়ার পর রক্তাক্ত অবস্থায় পথচারীরা রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন।


নরসিংদীতে নিহত ২


নরসিংদী সদর উপজেলার গাবতলি এলাকায় সানশেড ভেঙে পড়ে ওমর (১০) নামে এক শিশু এবং ৭৫ বছর বয়সি এক বৃদ্ধ নিহত হন। সানশেড ভেঙে পড়ার সময় ওমরের বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এছাড়াও, পলাশ উপজেলার মালিতা গ্রামে মাটির ঘরের দেয়াল ধ্বসে আরও এক ৭৫ বছর বয়সি বৃদ্ধ নিহত হন।


এছাড়া নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ এলাকায় ভূমিকম্পের সময় একটি টিনশেড বাড়ির দেয়াল ধসে পড়ে ফাতেমা নামে এক বছর বয়সি শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির মা কুলসুম বেগমসহ একজন প্রতিবেশী আহত হয়েছেন।


ভূমিকম্পের পরপরই ঢাকার বিভিন্ন এলাকায় ভবন দুলে ওঠে এবং আতঙ্কে মানুষজন দ্রুত বাসা ও কর্মস্থল থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। আহতদের উদ্ধারে স্থানীয় জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।


thebgbd.com/NIT