পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছে পাকিস্তান ও আফগানিস্তান। চলতি সপ্তাহের শুরুতে কাবুলে ভয়াবহ হামলায় শতাধিক নিহতের পর দুই দেশ এই সিদ্ধান্তে এসেছে। ইসলামাবাদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
বুধবার ইসলামাবাদ ও কাবুল পৃথক বিবৃতিতে জানায়, সৌদি আরব, কাতার ও তুরস্কের অনুরোধে তারা ঈদের সময় লড়াই বন্ধ রাখতে রাজি হয়েছে। গত মাস থেকে দুই দেশের সীমান্তে উত্তেজনা ও হামলা চরম আকার ধারণ করেছে।
পাকিস্তানের অভিযোগ, তাদের ভূখণ্ডে হামলাকারী উগ্রবাদীদের আশ্রয় দিচ্ছে তালেবান কর্তৃপক্ষ। তবে আফগানিস্তান বরাবরই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। গত সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদক নিরাময় কেন্দ্রে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই ঘটনার পর রক্তক্ষয়ী সংঘাত বন্ধে আলোচনার দাবি আরও জোরালো হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ‘ইসলামী রীতিনীতি বজায় রাখতে ও সদিচ্ছার নিদর্শন হিসেবে সরকার বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত সব ধরনের অভিযান বন্ধ রাখতে সম্মত হয়েছে।’ তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি সীমান্তের ওপার থেকে কোনো হামলা, ড্রোন হামলা বা সন্ত্রাসী ঘটনা ঘটে, তবে পাকিস্তান তাৎক্ষণিকভাবে দ্বিগুণ শক্তিতে পাল্টা ব্যবস্থা নেবে।’
এদিকে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তানের প্রতিরক্ষা নিশ্চিত করা তাদের ‘জাতীয় ও ধর্মীয় দায়িত্ব’। যে কোনো ধরনের আগ্রাসন বা হুমকির দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সূত্র: এএফপি
এসজেড