দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত ও সরবরাহ পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এই তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে দেশে সব ধরনের জ্বালানি তেলের ৩০ দিনের মজুত রয়েছে। এই মজুত আরও বাড়ানোর জন্য সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে জেট ফুয়েলের দাম বাড়ানোর বিষয়টিও তিনি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যাতে জ্বালানি ইস্যুতে সরকারের সক্ষমতা এবং সামগ্রিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
বৈঠকে জানানো হয়, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৫টি আইন আজ চূড়ান্তভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অনুমোদিত আইনগুলোর বেশিরভাগই অর্থ সংক্রান্ত।
মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৫টি আইন চূড়ান্ত আকারে অনুমোদন হয়েছে। এর সবকটিই অর্থ সংক্রান্ত। এরমধ্যে অন্যতম হলো মূসক ও সম্পুরক শুল্ক সংক্রান্ত খসড়া নীতিমালা, ২০২৫-২৬ অর্থবছরের অর্থ আইন ও আবগারি শুল্ক নিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নেয়া সংশোধন অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে আজকের বৈঠকে।