নরসিংদী রায়পুরায় আলোচিত মাদরাসা ছাত্রী ধর্ষণ মামলার আসামি জান্নাতুল বুশরা বালিকা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে আটক করে রায়পুরা থানা পুলিশ সদস্যরা। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান।
গ্রেপ্তার হওয়া জুনায়েদ আহমদ উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে এবং প্রতিষ্ঠানটির মুহতামিম।
ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।
জানা যায়, দুই মাস আগে রায়পুরা পৌর এলাকার হাসিমপুর-কলাবাড়িয়ার জান্নাতুল বুশরা বালিকা মাদরাসায় ভুক্তভোগী ওই ছাত্রী ও তার ছোট ভাইকে ভর্তি করানো হয়। সেখানে (আবাসিক) থেকে পড়াশোনা করছিল সে।
গত ২৪ এপ্রিল রাত ২টায় ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ।
ঘটনার পর সকালে অসুস্থতা বোধ করলে ওই ছাত্রী তার খালার বাড়ি রায়পুরা পৌর শহরের মৌলভীবাজারের বাসায় চলে যায়। সেখানে তার অসুস্থতার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত ওই ছাত্রী তার খালাকে জানান। পরে বিষয়টি ওই ছাত্রীর মা ও বাবাকে ফোনে জানান তিনি।
পরে এ ঘটনায় জড়িত শিক্ষক জুনায়েদের বিরুদ্ধে গত ২৬ এপ্রিল রায়পুরা থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর মা।
thebgbd.com/NIT