ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির আগের আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করা হয়েছিল, জামায়াত এমপির বক্তব্যে চিফ হুইপ বললেন - কৃষিমন্ত্রী ছিলেন নিজামী

  • নিজস্ব প্রতিবেদক | ১০ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপির আগের আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করা হয়েছিল, জামায়াত এমপির বক্তব্যে চিফ হুইপ বললেন - কৃষিমন্ত্রী ছিলেন নিজামী ফাইল ছবি


 সার সংকট নিয়ে জাতীয় সংসদে বুধবার রাতে উত্তাপ ছড়াল। আলোচনার টেবিলে উঠে এল এক বস্তা সারের জন্য কৃষককে গুলি করে হত্যার পুরোনো ঘটনা, জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর কৃষিমন্ত্রিত্ব এবং 'বট বাহিনী' নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি বক্তব্য।


কার্যপ্রণালী বিধির ৬৮ বিধিতে সার সংকট নিয়ে আলোচনার সূচনা করেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান। পরে জামায়াতের শফিকুল ইসলাম মাসুদ সরকারের পর্যাপ্ত সার মজুদের দাবির বিপরীতে মাঠপর্যায়ের সংকট তুলে ধরে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন উদ্ধৃত করেন।


মাসুদ বলেন, প্রথম আলোর প্রতিবেদনে এসেছে ন্যায্যমূল্যের চেয়েও বেশি টাকা দিয়েও কৃষক সার পাচ্ছেন না। তাঁর প্রশ্ন, এসব কি শুধু ফেসবুকের গুজব? সার নিয়ে কৃষকের বিক্ষোভ, বাড়তি দাম ও অবৈধ মজুদের বিভিন্ন প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, 'এগুলো যদি গুজব হয়, তাহলে তো এ পত্রিকার ব্যাপারে আপনাদের কথা বলা উচিত।'


সরকারের মজুদের দাবি নিয়ে প্রশ্ন তুলে অতীতের প্রসঙ্গ টেনে মাসুদ বলেন, '২০০১ থেকে ২০০৬ সালের সিনড্রোম। এক বস্তা সারের জন্য আমার কৃষককে গুলির মুখে জীবন দিতে হয়েছিল।' বর্তমান পরিস্থিতিতে আবার কৃষকদের গুলির মুখে ঠেলে দেওয়া হচ্ছে কি না এমন প্রশ্ন তুলে দ্রুত সংকট সমাধানের আহ্বান জানান তিনি।


এর জবাবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি ২০০১-২০০৬ সালের বিএনপি-জামায়াত সরকারের প্রসঙ্গ টেনে বলেন, ওই সময়ে মতিউর রহমান নিজামী কৃষিমন্ত্রী ছিলেন। কৃষককে গুলি করার ঘটনায় তিনি বলেন, তৎকালীন পরিস্থিতিতে কৃষকেরা গুলি খেয়েছিল এবং এর পেছনে দেশের ধ্বংস চাওয়া শক্তির ভূমিকা ছিল।


বিরোধী দলের উদ্দেশে চিফ হুইপ বলেন, এমন বক্তব্য তিনি প্রত্যাশা করেন না; বরং দেশের কল্যাণে বাস্তব ও দায়িত্বশীল কথা বলার আহ্বান জানান। তিনি বলেন, দুই দলই সংবেদনশীল এবং কৃষকদের বাঁচিয়ে দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চায়।


আলোচনায় পরে 'বট বাহিনী' প্রসঙ্গ টেনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু শফিকুল ইসলাম মাসুদকে ধন্যবাদ জানান। তিনি বলেন, দীর্ঘদিন ছাত্ররাজনীতি করা ব্যক্তি হিসেবে অন্তত আজ তিনি স্বীকার করেছেন যে 'বট বাহিনী এবং জামায়াত অপপ্রচার করে নাই'; এরপরই টুকু বলেন, 'ধন্যবাদ জানাই, যে আপনারা করতেন।'


বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁদের 'গৃহপালিত' বলতে চান না; বরং সংসদে তাঁদের রাখতে চান। দেশের ও জনগণের স্বার্থে কথা বলার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ষড়যন্ত্র করবেন না' এটাই সরকারের প্রত্যাশা।


thebgbd.com/BYB