রুশ সৈন্যরা নাইজারের রাজধানী নিয়ামে অবস্থিত প্রধান বিমানবন্দরে হামলা প্রতিহত করতে সাহায্য করেছে বলে দাবি করেছে মস্কো। ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। মস্কো গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
নাইজারের ক্ষমতাসীন জান্তা এর আগে বলেছে, ‘রুশ অংশীদাররা’ রাজধানীতে বিরল হামলা প্রতিহত করতে সাহায্য করেছে। ওই হামলায় ২০ জন আক্রমণকারী নিহত এবং চারজন সেনা আহত হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আফ্রিকান কোর এবং নাইজারের সশস্ত্র বাহিনীর যৌথ প্রচেষ্টার মাধ্যমে আক্রমণ প্রতিহত করা হয়েছে। মস্কো এই সর্বশেষ চরমপন্থী হামলার তীব্র নিন্দা জানায়।’
নাইজারের জান্তা বেনিন, ফ্রান্স এবং আইভরি কোস্টকে বিমানবন্দরে হামলায় পৃষ্ঠপোষকতার জন্য অভিযুক্ত করেছে, যেখানে একটি সামরিক ঘাঁটিও রয়েছে। নাইজারের সামরিক প্রধান, আবদুরাহমানে তিয়ানি, বিমানবন্দর রক্ষায় রাশিয়ান বাহিনীর উচ্চ স্তরের পেশাদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে নিয়ামে রাশিয়ান সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন বলেও জানা গেছে।
সূত্র: এএফপি
এসজেড